পিআর ছাড়া দেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বলেন, সংস্কার ও হত্যার বিচার নিয়ে সরকার ওয়াদা ভঙ্গ করেছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকালে রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বন্ধ করতে অনেক রাজনৈতিক দল খোড়া যুক্তি তুলে ধরছে। তার দাবি সিংহভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।
চরমোনাই পীর আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য গণভোটের আয়োজন করতে হবে। সমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, মৌলবাদীদের এত বছর বিএনপি ব্যবহার করেছে, কিন্তু তাদের কোন দাবি বাস্তবায়ন করেনি। যা মৌলবাদীরা জেনে যাওয়ায় বিএনপি নেতারা এখন বিরোধীতা করছে।